কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।
দলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির নেতা-কর্মীদের মোটরসাইকেল বহর যাত্রা শুরু করবে। শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর এলাকা প্রদক্ষিণ করে মিরপুর ১২ নম্বরে পৌঁছে শেষ হবে।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
