২৫ বিশেষ প্রকল্প নিয়ে সাউথ পয়েন্ট, বনানীর বার্ষিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

‘কৌতূহল জাগাই, আগামীর রূপ গড়ি’ প্রতিপাদ্যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানীর বার্ষিক বিজ্ঞান উৎসব গত ১৯ নভেম্বর বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবিত ২৫টি প্রকল্প প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার। অনুষ্ঠানে বনানী শাখার অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম এবং প্রতিষ্ঠানের অন্য পাঁচটি শাখার অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম. এ. রশীদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড এ-কিউ-এ-এর শাহীন রেজা এবং গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশের ড. ফ্যাবিয়ান ফাল্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বিচারকও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও ইংরেজি অনুবাদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দশম শ্রেণির দুই শিক্ষার্থী তাদের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে। আহনাফ হালিম গোয়েথে-ইনস্টিটিউটের ‘রিইমাজিনিং ওয়েস্ট’ শীর্ষক বর্জ্য পুনর্ব্যবহার ও নতুন পণ্য তৈরির কর্মশালায় অংশগ্রহণ এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের বায়ো-ডিজাইন কার্যক্রমভিত্তিক বই প্রণয়ন কর্মশালার অভিজ্ঞতা তুলে ধরে। অন্যদিকে, সুমাইয়া বিনতে আলম বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার-আপ হওয়ার অর্জন ও অভিজ্ঞতা বর্ণনা করে।

আনুষ্ঠানিক পর্ব শেষে সংগীত পরিবেশনা এবং ‘দ্য গ্রেট ইনভেনশন শোডাউন’ শীর্ষক নাটক মঞ্চস্থ হয়। পরে অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের ২৫টি প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পগুলোতে টেকসই উন্নয়ন ও উদ্ভাবন সংশ্লিষ্ট বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরা হয়।

প্রদর্শিত প্রকল্পগুলো দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে। বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড এ-কিউ-এ-এর কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, প্রদর্শনীগুলো ছিল অসাধারণ, সুপরিকল্পিত ও প্রাণবন্ত উপস্থাপনায় সমৃদ্ধ।

ইত্তেফাক/এএম