রাশিয়ার সঙ্গে উত্তেজনা, এস্তোনিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি মস্কোর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৪২

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ এনে দেশটির সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের হুমকি দিয়েছে রাশিয়া। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এস্তোনিয়ার সাম্প্রতিক পদক্ষেপ দুই দেশের মধ্যে যুদ্ধের  দ্বারপ্রান্তে রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের পরিকল্পনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রাশিয়া।

এস্তোনিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সব ধরনের সীমান্ত পারাপার বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনাও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এস্তোনীয় কূটনীতিককে আবারও স্পষ্ট করে জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও চরম বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ বাধানোর পরিস্থিতি তৈরি করছে।’ মস্কোর অভিযোগ, এস্তোনিয়া ধারাবাহিকভাবে ‘রুশবিরোধী’ নীতি অনুসরণ করছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোনগুলোকে উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলা চালানোর জন্য এস্তোনিয়া গোপনে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন বন্ধের উদ্যোগ, রুশ ভাষা নিষিদ্ধ করার চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকির অভিযোগও তুলেছে মস্কো। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের ন্যায্য অধিকারের সুরক্ষায় সর্বাত্মক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।’

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক রুশ বংশোদ্ভূত ও রুশ ভাষাভাষী মানুষের বসবাস। দেশটিতে রুশ জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মস্কো। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগকে সামনে এনেছিল রাশিয়া।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ রাখা হবে। দেশটির একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ক্রেমলিনের নিরাপত্তা সংস্থাগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় তালিন।

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২। ছবিটি ফিনল্যান্ড উপসাগরের বলে জানানো হয়েছে

এস্তোনিয়ার অভিযোগ, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো বৃহত্তর পরিসরে বৈরী তৎপরতা চালাচ্ছে। তবে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত এস্তোনিয়ার জন্যই নেতিবাচক পরিণতি ডেকে আনবে। এতে দেশটির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্ররাও ক্ষতির মুখে পড়তে পারে।

এদিকে ইউক্রেনের সামরিক অভিযানে এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অভিযোগ সরাসরি নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা সাধারণত রাশিয়ার অপপ্রচার নিয়ে কোনো মন্তব্য করি না বা এ নিয়ে তর্কে জড়াই না। তবে এ ক্ষেত্রে আবারও স্পষ্ট করে বলতে চাই, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আমাদের অঞ্চলের অন্যান্য দেশও এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে।’

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, এস্তোনিয়াসহ বাল্টিক অঞ্চলের ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। অন্যদিকে কিয়েভের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক সংকেত বাধাগ্রস্ত করার কার্যক্রমের কারণে ইউক্রেনীয় ড্রোন ন্যাটোর আকাশসীমায় প্রবেশের ঘটনা ঘটছে। তবে ন্যাটোভুক্ত দেশগুলো এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের পাল্টা অভিযোগ, আকাশসীমায় অনুপ্রবেশের জন্য রাশিয়াই দায়ী।

এ পরিস্থিতিতে এস্তোনিয়াকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। জার্মানির বার্লিনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এস্তোনিয়ার পাশাপাশি পোল্যান্ডের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সামরিক জোটটি। গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও তাদের নজরে রয়েছে।

রুটে আরও বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন বিকল্প রয়েছে। জোটটি নিয়মিত নিজেদের সামরিক সক্ষমতা, প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষাকৌশল পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোতে পরিবর্তন আনে।

সূত্র: আল জাজিরা

 
ইত্তেফাক/এসজেএস