পর্দায় ‘টক্সিক রিলেশনশিপ’ বা বিষাক্ত সম্পর্ককে রোমান্টিক হিসেবে উপস্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, প্রেমের নামে সন্দেহ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতা কখনোই ইতিবাচক নয় বরং এ ধরনের আচরণ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তাই নিজের অভিনীত কোনো ছবিতে এমন সম্পর্কের গল্প থাকলেও সেটিকে নেতিবাচকভাবেই তুলে ধরতে চান তিনি। সম্প্রতি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে নিজের অবস্থান জানান আয়ুষ্মান।
অভিনেতার মতে, ‘বিভিন্ন ধরনের গল্পের জন্যই দর্শক রয়েছেন। তবে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানোর বিষয়টি ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়। একজন শিল্পী হিসেবে পর্দায় গল্পের বার্তা সঠিকভাবে তুলে ধরা জরুরি। বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’
তার কথায়, ‘কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখানোর সুযোগ নেই। বরং চরিত্রটির নেতিবাচক দিক স্পষ্ট হওয়া উচিত।’ অন্য অভিনেতারা এমন গল্পে কাজ করতে চাইলে তাদের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।
তবে নিজে এ ধরনের উপস্থাপনার অংশ হতে চান না। শুধু বিষাক্ত সম্পর্কের উপস্থাপনাই নয়, চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও নিজের পছন্দ ও বিশ্বাসকে গুরুত্ব দেন আয়ুষ্মান। কোনো ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা থাকলেও গল্প ভালো না লাগলে সেখান থেকে সরে আসতে পারেন তিনি।
অতীতেও এমন বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। আয়ুষ্মানের কাছে পর্দার গল্পের সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল থাকাটা গুরুত্বপূর্ণ। শুধু বক্স অফিসে সফল হওয়ার সম্ভাবনা বিবেচনা করে কোনো ছবিতে যুক্ত হতে চান না তিনি।
