ফুটবল মাঠে লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন এক খেলোয়াড়। কিন্তু সেখান থেকে ফিরে এলেন ছুরি হাতে! এরপর প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে শুরু করেন তিনি। ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা।
আতঙ্কজনক এই পরিস্থিতির পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পুলিশ ডাকতে বাধ্য হন ম্যাচ আয়োজকরা। অবশ্য এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ঘটেছে ঘটনাটি ইতালির তৃতীয় ডিভিশনের গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে। খেলা চলাকালীন গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারি ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনার জেরে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে লাল কার্ড দেখান। খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রাও। শেষ পর্যন্ত তাকেও লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী। এতে মাঠের উত্তেজনা আরও বেড়ে যায়।
সেখানেই ঘটনা শেষ হয়নি। লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে একটি ছুরি নিয়ে আবার মাঠে নেমে পড়েন। পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে ভয় দেখানো শুরু করেন। এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন। এ ঘটনার পর রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ ঘটনার পর ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
