বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই আইসিসির। করোনা মহামারির সময় জারি করা এই নিয়ম সম্প্রতি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে বল চকচকে করার পুরোনো এই প্রথায় এখনই ফেরার অনুমতি দিচ্ছে না সংস্থাটি।
সংবাদসংস্থা এএফপি জানতে পেরেছে, এই নিয়মটি শিথিল করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই আইসিসির। একইসঙ্গে লালা ব্যবহারকে বলের অবস্থা পরিবর্তনের অন্য যেকোনো অন্যায্য পদ্ধতির মতোই বিবেচনা করা হচ্ছে। তাদের মতে, মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের সঙ্গে লালার মিশ্রণে বলটির আকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এবং এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন।
এর আগে আইসিসি ২০২০ সালে মহামারীর সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা প্রয়োগের প্রথাটি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল এবং দুই বছর পর সেটিকে স্থায়ী করা হয়। পুরোনো বলের এক পাশ চকচকে এবং অন্য পাশ অমসৃণ রাখতে লালার ব্যবহার করে আসছিল পেস বোলাররা। যা তাদের চামড়ার বলকে লেইট-সুইং করাতে সাহায্য করে।
এদিকে, সম্প্রতি ওয়েলিংটনে টেস্টের শেষ দিনে জেতার জন্য ভারতের ৮ উইকেট দরকার ছিল। মধ্যাহ্ন বিরতির আগে ও পরে তিনটি উইকেট নিতে পারলেও গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের অপ্রতিরোধ্য জুটিতে ড্র মেনে নিতে হয়েছে ভারতকে। ম্যাচের পর বল ও পিচের ধরণ নিয়ে প্রশ্ন তুললেন গিল। একই সঙ্গে তিনি দাবি করেন, দলগুলোকে আবারও বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।
ভারতীয় টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি একটি বল অবশ্যই বড় ভূমিকা রাখে। আমাদের প্রথম বল (নিউজিল্যান্ডে কুকাবুরা) ২৫-৩০ ওভারের পর খুব নরম হয়ে গিয়েছিল। আমার মতে অন্য দলও অভিযোগ করেছিল। ইংল্যান্ডেও (গত বছর) আমরা এটা দেখেছি। প্রথম তিন-চার ম্যাচে, (ডিউক) বল খুব দ্রুত নরম হয়ে যায়। আমি জানি না বলগুলোর মান খারাপ নাকি অন্য কিছু।’
এরপর বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যুক্তি দেখিয়ে গিল বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন আমাদের এখনও বল পালিশ করার অনুমতি দেওয়া হয়নি। আমরা অনেক আগেই কোভিডের সময় পার করে এসেছি। একটা নিয়ম ছিল যে বল চকচকে করার জন্য তাতে থুতু দেওয়া যাবে না। সাত-আট বছর হয়ে গেছে, আর আমি এখনও বুঝতে পারছি না কেন তারা এর অনুমতি দিচ্ছে না।’
