২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০৪

বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। সে হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি)। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা বছরে ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে রয়েছে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন।

বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাদের মধ্যে ৬০ শতাংশ নিজ বাড়িতে বা পারিবারিক পরিবেশে প্রাণ হারিয়েছেন। বিপরীতে, হত্যার শিকার পুরুষদের ক্ষেত্রে নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে নিহত হওয়ার হার ছিল ১১ শতাংশ।

জাতিসংঘ জোর দিয়ে বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দেয়া জরুরি।

বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশু হত্যার এ প্রবণতা থেকে মুক্ত নয়। তবে আগের মতো এবারও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০।

এরপরই রয়েছে এশিয়া। এ অঞ্চলে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।
 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমছে তুলনামূলক ধীরগতিতে। আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এ থেকে বোঝা যায়, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি ও নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

লিঙ্গের কারণে নারী ও কন্যাশিশুকে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম কিংবা মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এ সংজ্ঞার আওতায় পড়তে পারে।

তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের তথ্য এখনো পর্যাপ্ত নয়। এ কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ফেমিসাইডের প্রকৃত চিত্র এবং এর ব্যাপ্তি নির্ধারণ করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 
ইত্তেফাক/এসজেএস