বাংলাদেশে জেলাভিত্তিক মোট প্রজনন হারে (টিএফআর) বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, যা ৩ দশমিক ৫০। অন্যদিকে খুলনার বাগেরহাটে এ হার সবচেয়ে কম মাত্র ১.৫০। এ ছাড়া বাল্যবিবাহের হারে দেশের সব জেলাকে ছাড়িয়ে শীর্ষে জয়পুরহাট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে। দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করে এবং জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তথ্যের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০, যার তুলনায় ভোলার প্রজনন হার অনেক বেশি। ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
বিপরীতে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায় ১ দশমিক ৭০; কুষ্টিয়া ও মানিকগঞ্জে ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।
বিভাগভিত্তিক পরিসংখ্যানেও খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০ এবং বরিশাল বিভাগে সর্বোচ্চ ২ দশমিক ৬০। এ ছাড়া চট্টগ্রামে এ হার ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।
বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট, সবচেয়ে কম সিলেটে
বিবিএসের প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য ধরা পড়েছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির দিক থেকে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা পিছিয়ে রয়েছে। শিশু সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বাল্যবিবাহ; দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ—অর্থাৎ জেলাটির প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনেরই ১৮ বছরের আগে বিয়ে হয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯ শতাংশ), ভোলা (৬৫ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১ শতাংশ), কুষ্টিয়া (৬২ দশমিক ৯ শতাংশ), যশোর (৬২ দশমিক ৩ শতাংশ), টাঙ্গাইল (৬১ দশমিক ১ শতাংশ), মাগুরা (৬১ দশমিক ০৯ শতাংশ), বগুড়া (৫৫ দশমিক ১৮ শতাংশ) এবং পাবনা (৫২ দশমিক ৫৫ শতাংশ)।
অন্যদিকে, বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেট জেলায়, মাত্র ১২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৪ দশমিক ৪ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ এবং চট্টগ্রাম জেলায় এ হার ২৯ শতাংশ।
