রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরেও শেষ হয়নি। এরই মধ্যে চার দফা বাড়ানো হয়েছে নির্মাণের মেয়াদ। অথচ এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ কাজ শেষ করতে আরও কত সময় লাগবে, তা নিয়েও রয়েছে সংশয় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের কয়েক হাজার মানুষ। দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি স্থানীয়দের।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে। বাকি রয়েছে এখনেও কয়েকটি স্প্যান বসানো। ছয় বছরেও সেতুটি শেষ না হওয়ায় রাজবাড়ী, মাগুড়া ও ঝিনাইদহের কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পারাপার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতে বারবার পিছিয়েছে কাজের অগ্রগতি। সম্প্রতি আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরকে চলতি বছরের ৭ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা দেওয়া হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। ফলে এখনো ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে তিন জেলার মানুষকে।
নির্মাণাধীন সেতুটির নিচে বসেছিলেন পয়ষট্টি বছর বয়সী কুদ্দুস মোল্লা। তিনি বলেন, আমার জীবনে বোধহয় ব্রিজের কাজ শেষ দেখে যেতে পারবো না। তিন বছরের কাজ যদি ছয় বছরেও শেষ না হয় তাহলে আশা থাকে কীভাবে ব্রিজের ওপর দিয়ে ওপাড়ে যাব?
কিছুটা দূরে পেঁয়াজ ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন আয়নাল শেখ। তিনি বলেন, কবে শেষ হবে ব্রিজের কাজ জানি নে। আমারে তো মেলা ভোগান্তি হচ্ছে। ওপাড়ে লাঙ্গলবাধ বাজারে যেতে নৌকায় যাওয়া লাগে। মাসখানেক আগে ভ্যানে পাট নিয়ে লাঙ্গলবাদ বাজারে যাচ্ছিলো এক কৃষক। নৌকায় উঠতে গিয়ে ভ্যানসহ পাট নদীতে পড়ে যায়। এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমরা চাই দ্রুত ব্রিজটা যেন হয়।
নদীর পাড় ধরে হেঁটে ব্রিজের কাছে আসছিলেন সোলেমান প্রামানিক। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মাগুড়া, ঝিনাইদহ ও রাজবাড়ীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই সেতুর। দুই সরকার গিয়ে আরেক সরকার আসলো তাও ব্রিজের কাম শেষ হলো না। আরও কয় সরকার লাগবি সেটা বলা মুশকিল। এই ব্রিজটা হলি খুলনা, যশোর, মাগুড়া, ঝিনাইদহ, রাজবাড়ীর মানুষের ঢাকায় যাতায়াত সহজ হতো। সরকারের এই দিকে নজর দেওয়া দরকার।
পাংশা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রনব কান্তি বল জানান, ২০২০ সালের ৩ জুন শুরু হয় ৬৫০ মিটার দৈর্ঘ্যের গড়াই সেতুর নির্মাণকাজ। রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সেতু নির্মাণের ব্যয় ধরা হয় ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার টাকা। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেছে তিন বছর। এর মধ্যে চার দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। সর্বশেষ চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মেয়াদ ছিলো সেটিও শেষ হয়েছে।
প্রনব কান্তি বল আরও বলেন, ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে ব্রিজের রেলিংয়ের কাজ চলছে। ঝিনাইদাহ অংশের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে। আর পাংশা অংশের জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ হয়েছে। পঞ্চম দফা মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে আশা করছি।
