দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এসময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এসময় ওই নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।
এছাড়া তাসকিরা তান্নি সনিকে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পরবর্তীতে আবারও টাকা দাবির অভিযোগ তুলে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সনিকে আটক করে থানায় নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে একটি সাধারণ মামলায় মুচলেকার মাধ্যমে তিনি ছাড়া পান।
অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে অর্থ খরচ করতে হয়েছে এবং পুনরায় টাকা চাওয়ার বিষয়টি জানালে ওসি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এছাড়া নিজের সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ এবং থানায় টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে তার ছেলে তাসরিফকে ফোনে চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তবে অর্থ লেনদেন ও ফোনালাপের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওটিকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, কী দিয়ে এটি তৈরি করা হয়েছে তা তার জানা নেই এবং অভিযোগগুলো পুরোপুরি অসত্য। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগের তদন্তের অগ্রগতি বা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
