ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধী জোটে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বামপন্থি ‘ডেমোক্রেটস পার্টি’ সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’ সঙ্গে জোটবদ্ধ হওয়ার আলোচনা স্থগিত করেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর মধ্যে এই জোট গঠনের চেষ্টা চলছিল।
বামপন্থি ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলান অভিযোগ করেছেন, আইজেনকটের দল পরিবর্তনশীল সরকার গঠনের বদলে নেতানিয়াহুর ডানপন্থি দল ‘লিকুদ’ এবং অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে ‘ঐক্য সরকার’ গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তারা আলোচনা স্থগিতের ঘোষণা দেয়।
আরব দলগুলোর সমর্থন নিয়ে দ্বিধা: ইয়ার গোলান মনে করেন, নেতানিয়াহুকে হটাতে হলে নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে জোট গড়া জরুরি। কিন্তু বিরোধী জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক, ডানপন্থি ‘ইসরাইল বেইতেইনু’ দলের নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোর বিরোধী। এদিকে বামপন্থিদের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাতে আভিগদর লিবারম্যানের দলের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন আইজেনকট।
লিবারম্যান গতকাল বুধবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে আইজেনকোট আগামী সপ্তাহের শেষ নাগাদ একটি সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা সংবলিত সরকার গঠন করতে সক্ষম হবেন। ‘কান’ পাবলিক রেডিওতে দেওয়া সাক্ষাত্কারে লিবারম্যান এই তথ্য জানান। ‘সুস্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা’র কথা উল্লেখ করে লিবারম্যান আসলে কী বোঝাতে চেয়েছেন—অর্থাত্ তিনি সম্ভাব্য জোট সরকারে আরব ‘রা’আম’ দলের অন্তর্ভুক্তির বিষয়টি মেনে নেবেন কি না, তা স্পষ্ট নয়। যদি তিনি তা মেনে নেন, তবে সেটি হবে তার আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির কট্টরপন্থি চেয়ারম্যান সাক্ষাত্কারে আইজেনকটের দলের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘লিকুদ’ দলের আলোচনার সমালোচনা করেছেন। তিনি যুক্তি দেন, এই পথটি অনুসরণ করা উচিত নয়। বুধবার দিনের পরবর্তী সময়ে দল দুটির মধ্যে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা রয়েছে, যদিও উভয়পক্ষের মধ্যে এখনো উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে বলে জানা গেছে। লিবারম্যান চাইছেন, আইজেনকটের জোট যেন লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন না করে, অথবা ‘রা’আম’ ও আরব সংখ্যাগরিষ্ঠ ‘জয়েন্ট লিস্ট’-এর মতো দলের বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকার গঠন না করে, বরং তারা যেন অতি-অর্থোডক্স ‘ইউনাইটেড তোরাহ জুদাইজম’ দলের সঙ্গে জোট গঠন করে। —টাইমস অব ইসরাইল
