হোয়াটসঅ্যাপে আসছে ‘ডুয়াল ক্যামেরা মোড’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

কোনো অনুষ্ঠান বা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি একই ভিডিওতে নিজের অভিব্যক্তিও তুলে ধরতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এই সুবিধায় ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। ফলে আলাদা করে নিজের প্রতিক্রিয়া রেকর্ড করার প্রয়োজন হবে না।

প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।

নতুন ফিচারে পেছনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কা কমবে।

দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের ব্যবস্থাও থাকছে। রোটেট বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।

ছবি বা ভিডিও ধারণের পর তা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকছে।

তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন না। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো মুহূর্ত ধারণের ক্ষেত্রে নতুন ফিচারটি কাজে আসবে। একই ভিডিওতে দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

ইত্তেফাক/এসএ