ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। এ পরিকল্পনার অংশ হিসেবে রাতের বেলায় রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি খোলা জায়গায় থাকা যুদ্ধবিমানগুলো সুরক্ষায় স্থাপন করা হবে ড্রোন প্রতিরোধী জাল।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস ও স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) সরাসরি এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত হালনাগাদ করছে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) জ্যেষ্ঠ গবেষক জাস্টিন ব্রঙ্ক আল জাজিরাকে বলেন, ড্রোন হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা তথ্য থাকলে এ ধরনের পদক্ষেপ নেওয়া যৌক্তিক ও বিচক্ষণ সিদ্ধান্ত।
তিনি জানান, যুক্তরাজ্যের কনিংসবাই, মারহাম ও লসিমাউথ—যুদ্ধবিমান পরিচালনার প্রধান তিনটি ঘাঁটিতে শীতল যুদ্ধের সময় নির্মিত সুরক্ষিত বিমান আশ্রয়কেন্দ্র এখনো ব্যবহার উপযোগী রয়েছে। এসব স্থাপনায় যুদ্ধবিমান রাখা, সুরক্ষা দেওয়া এবং সীমিত রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব।
তবে প্রতিটি ঘাঁটির সব যুদ্ধবিমান রাখার মতো পর্যাপ্ত সুরক্ষিত আশ্রয়কেন্দ্র নেই বলে সতর্ক করেছেন ব্রঙ্ক। শীতল যুদ্ধের পর সামরিক স্কোয়াড্রনগুলো কয়েকটি বড় ঘাঁটিতে একীভূত করা এবং এ ধরনের সুরক্ষার প্রয়োজনীয়তা কমে গেছে—এমন ভুল ধারণার কারণে আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ৪৭ কোটি পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে। এর আওতায় স্থাপনার ভৌত নিরাপত্তা, নজরদারি ও ড্রোন প্রতিরোধ সক্ষমতা বাড়ানো হবে। এ ছাড়া ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তিতে ইতোমধ্যে দেড় কোটি পাউন্ড বিনিয়োগ করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ৪৪টি স্থাপনার ওপর সীমিত আকাশসীমা কার্যকর করা হয়েছে।
এদিকে রাশিয়া ও ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে যুক্তরাজ্য। গত অক্টোবরে দেশটির সংসদ সদস্যরা এক প্রতিবেদনে বলেন, ন্যাটোর কোনো সদস্যদেশে রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের সামরিক বাহিনীকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে।
মঙ্গলবার যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে। রাশিয়ার পক্ষ থেকে নাশকতামূলক তৎপরতা বাড়ার বিষয়ে ওই সতর্কবার্তা দেওয়া হয়।
ব্রঙ্ক বলেন, সাধারণ হ্যাঙ্গার বা সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে রাখা বিমানগুলো ছোট ড্রোন নিয়ে অনুপ্রবেশকারী বা সন্ত্রাসীদের হামলা থেকে সুরক্ষা পেতে পারে। তবে রাশিয়ার তৈরি জেরান-২, জেরান-৩ ও জেরান-৪ সিরিজের মতো বড় আকারের একমুখী আক্রমণকারী ড্রোনের সম্ভাব্য যুদ্ধকালীন হামলা থেকে কেবল বিশেষভাবে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রই যুদ্ধবিমানগুলোকে রক্ষা করতে পারে।
তাঁর মতে, এ ধরনের আশ্রয়কেন্দ্র পুরোনো প্রযুক্তির মনে হলেও যুদ্ধের সময় যুদ্ধবিমানের নিরাপত্তা ও কার্যক্ষমতা বজায় রাখার তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, সাশ্রয়ী ও কার্যকর উপায়। পুরু কংক্রিটের দেয়াল ও বিস্ফোরণ প্রতিরোধী দরজার কারণে এসব স্থাপনা ড্রোন হামলা থেকে প্রায় সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোনের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেয় মার্কিন বাহিনী। ওই ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান অবস্থান করে। তবে এতে কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানিয়েছিল মার্কিন বিমানবাহিনী।
গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছেও ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তিনটি ভ্যানে করে ঘাঁটির কাছের একটি গ্রামে গিয়ে সেগুলো ফেলে রেখে যান। ভ্যানগুলোতে পেট্রোলভর্তি ব্যারেল থাকায় বোমা হামলার আশঙ্কা তৈরি হয় এবং ওই এলাকায় সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এ ঘাঁটি ব্যবহার করেছিল। ঘটনার কয়েক দিন পর সেখান থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় ওয়াশিংটন। এ ঘটনায় যুক্তরাজ্যে দুজন এবং যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ইরানের হুমকির পর গত ৯ নভেম্বর আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয় বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
