রিনা ভাবি সম্প্রতি খুব চিন্তায় মগ্ন থাকেন। অফিসে এলে চুপচাপ থাকেন। আগের মতো আর ঘরোয়া ব্যাপার নিয়ে আলোচনা করেন না। ব্যাপারটা কেউ লক্ষ না করলেও তার ব্যাংকের গ্রাহক মিসেস আসলাম ঠিকই ধরেছেন।
—ম্যাডাম কি খুব চিন্তায় আছেন নাকি?
—একটু আর কি। তেমন কিছু না।
—কী হয়েছে বলবেন কি?
—আপনি আমার প্রতিবেশী। আপনাকে বলে যায়। মেয়ে নিয়ে ঝামেলা। মেয়ে আমার হয়েছে একদম আনকমন। বেগুনি। কিভাবে যে ওর বিয়ে দিই!
—কী বলেন, বেগুনী মেয়ে!
—হ্যাঁ। মনে হয় পৃথিবীতে আর একটিও নেই।
—তাহলে তো পুরাই আনকমন। ভাবনার বিষয়।
কিছুদিন পর ওই গ্রাহক মিসেস আসলাম আবার ব্যাংকে। রিনা ভাবি তখন তাকে দেখে বললেন, এই যে আপা এই দিকে আসেন। আপনাকে খুঁজছি।
—কেন?
—আপনি কি রটনা রটিয়েছেন। বাসায় প্রতিদিন এত এত মানুষ আসে। মনে হয় যেন চিড়িয়াখানা খুলেছি।
—কী করলাম আবার আমি।
—আপনি নাকি পাড়ায় বলেছেন আমার মেয়ে বেগুনি কালারের।
—হ্যাঁ, আপনিই তো বলেছেন।
—আমি তো বুঝাইছি বে-গুণী। মানে গুণহীন। এই নরমাল জিনিসটা বুঝেন না আপনি?
—বুঝতাম ঠিকই। আপনি আবার পৃথিবীতে একটাও নাই বলতে গিয়েছিলেন কেন!
