বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংকের কার্যালয়ের সামনে থামেন। তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি রাকিবুল ইসলাম উল্লেখ করেন, ঘটনার পর গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়; অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে।
পাশাপাশি এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানান ওসি।
