কোরবানির গরু কিনে বাড়ি ফিরতে আপনাকে যে ‘দাম কত?’ নামক ঝাক্কি-ঝামেলায় পড়তে হয়, সেটা আর কেউ না বুঝুক আমরা বুঝি। তাই আপনার জন্য আজ আমাদের সহজ কাউ-ট্রিকস। এই ঈদে কাজে লাগাতে পারেননি তো কী হয়েছে, সামনে আরো ঈদ আসবে।
নির্বাচনী ট্রিকস
নির্বাচনের সময় অমুক ভাইয়ের কীর্তিকলাপ রেকর্ডিং করে ফাঁকা রিকশায় করে পুরো শহরকে মুখস্থ করানো হয়। কেমন হয় যদি সেই একই পদ্ধতি কমিয়ে দেয় আপনার বিড়ম্বনা? তাহলে গরুর মূল্য এবং যাবতীয় তথ্য রেকর্ডিং করে বসিয়ে দিতে পারেন গরুর পিঠে। তাহলে আজই যোগাযোগ করুন ঠাট্টা সাউন্ড সিস্টেমে।
জার্সি ট্রিকস
গরু নিয়ে বাড়ি ফেরার সময় আপিনাকে সাধারণত ৩টা প্রশ্ন শুনতে হয়। কোত্থেকে কিনলেন? কত দিয়ে কিনলেন? হাসিলসহ নাকি ছাড়া? এক্ষেত্রে আপনি দক্ষ কারিগর দ্বারা বিশেষ কায়দায় অর্ডার দিয়ে জার্সি বানাতে পারেন। যেখানে লেখা থাকবে ‘গাবতলী-৫০০০০ (হাসিলসহ)’!
বোরকা ট্রিকস
যে গরুর জন্য আপনি প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন কেমন হয় যদি সেই গরুটাকেই না দেখা যায়? খুব ভালো হবে তাই না? তাহলে যে দর্জির কাছে গরুর জার্সি বানাতে দিয়েছেন পাশের বাসার আক্কাস আলী সে দর্জির কাছেই বানাতে দিয়ে আসুন কালো নেকাবওয়ালা বোরকা। তারপর সেটা পড়িয়েই গাবতলী থেকে সায়দাবাদ কিংবা যেখানে খুশি যান একেবারে বিনা স্টপেজে।
অনলাইন প্রি-অর্ডার
রকমারি আর বিক্রয় ডট কম থেকে বই অথবা পণ্য অর্ডার করে যেমন কোনোপ্রকার ঝাক্কি-ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে হোম-ডেলিভারি পেয়ে যাচ্ছেন, কেমন হয় যদি আপনার কোরবানির গরুটাও আপনার ববাসায় হোম-ডেলিভারি দেওয়া হয়? নিঃসন্দেহে খুব ভালো তাই না? তাহলে আজই লগ-ইন করুন কাউ-বাজার ডট কম-এ। আর বেছে নিন আপনার পছন্দের গরু। আর বেঁচে যান প্রশ্ন-বিড়ম্বনা থেকে। (বি.দ্র. কাউ-বাজার নামে কোনো কিছুর অস্তিত্ব না পেলে ঠাট্টা দায়ী নয়)
ভিআইপি ট্রিকস
ওপরের সবগুলো ট্রিকস বাস্তবায়ন করতে যদি আপনি সফলভাবে ব্যর্থ হন তবে আপনার জন্য সর্বশেষ ট্রিকস। দূরসম্পর্কের কোনো মন্ত্রী-এমপির সাহায্যে ব্যবস্থা করতে পারেন একটা ভিআইপি গাড়ি-বহরের। আর সেই বহরের একটাতেই উঠতে দেবেন আপনার যন্ত্রণার একমাত্র কারণ গরুটাকে। কারণ যখন রাস্তায় মানুষই থাকবে না তখন ‘দাম কত’ জিজ্ঞেস করার লোক তো আর আসমান থেকে নাজিল হবে না।
