জামালপুরের দুর্গম চরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:০৪

জামালপুরের ইসলামপুরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাশেদ নামে অভিযুক্ত এক যুবককের আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান। এর আগে একই দিন উপজেলার দুর্গম এলাকা মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে নিজের দোকানে হামলার শিকার হন তিনি।

নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। খাটিয়ামারী বাজারে তার একটি স্বর্ণের দোকান ছিল।

এ ঘটনায় প্রতিবেশী ফজল শেখের ছেলে রাশেদের বিরুদ্ধে হত্যার অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, অমৃত দাশ ও রাশেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। শুক্রবার সকালে অমৃতের দোকানে গিয়ে তাকে ধারালো অস্ত্র (শুম) দিয়ে চোখের ওপরে আঘাত করে গুরুতর আহত করেন রাশেদ। পরে হাসপাতালে নেওয়ার পথে অমৃতের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন রাশেদকে আটকে রাখেন।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এপি