এডিস মশার নেতা বলে,
আনন্দে ঢোল বাজা
ক’দিন পরে আমরা হবো
এই শহরের রাজা।
শহরছাড়া করব মানুষ
সবাই মিলেমিশে
এমন ব্যাধি ছড়াব যে
কেউ পাবে না দিশে।
মশারিটা গায়ে জড়িয়ে
থাকবে কত বসে
কাজেকর্মে বের হলেই
কামড় দেব কষে।
মশা মারার ওষুধগুলো
ভেজাল দিয়ে ভরা
জনগণের হাতে শুধু
পড়িস না কেউ ধরা।
ডেঙ্গু রোগে মানুষগুলো
যখন যাবে মরে
এটা মশার শহর হবে
বলছি সত্যি করে।
