গাজায় তার পরিবারকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে হামাস নেতা খলিল আল-হাইয়ার এক ছেলে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠী। এক বছরের বেশি সময় আগে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও শুক্রবারের (২৭ নভেম্বর) এই বিমান হামলার পাশাপাশি উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, ভোরে চালানো ইসরায়েলি হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার বেঁচে গেছেন। রয়টার্সকে হামাসের সূত্র জানিয়েছে, হামাসপ্রধানের পুত্রবধূসহ বেশ কয়েকজন স্বজন আহত হয়েছেন। এছাড়া খলিল আল-হাইয়ার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও বেঁচে গেছে।
নাইম ইজ্জেলদিনকে হামাস নেতার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে বর্ণনা করেন। তার চার ভাই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন; ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, গত বছরের সেপ্টেম্বরে হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম প্রাণ হারান। গত বছর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হুমামের যমজ ভাই হলেন ইজ্জেলদিন। আলোচনার সময় খলিল আল-হাইয়া ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান এবং গত জুলাইয়ে তাকে হামাসের নেতা মনোনীত করা হয়।
শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে আল-হাইয়ার ছেলেকে ‘হত্যা’ এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পক্ষ থেকে তাদের নেতার বিরুদ্ধে দেওয়া হুমকির সঙ্গে এই হামলাকে যুক্ত করে গোষ্ঠীটি অভিযোগ করেছে, ইসরায়েল ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। হামাস বলেছে, এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ প্রকাশ করে।
এদিকে শুক্রবার গাজার অন্যান্য স্থানেও প্রাণঘাতী ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজায় একটি গাড়িতে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা নিহত ব্যক্তিকে খালেদ আসাফ হিসেবে শনাক্ত করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে আঘাত হানা হয়।
দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে এক হামলার পর সিভিল ডিফেন্স দল তিনজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার এবং দুজন আহত ব্যক্তিকে বাঁচিয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানান, পূর্ব দিকের ‘হলুদ রেখার’ কাছের অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুগুলোর ওপর বারবার গুলি চালিয়েছে। বৃহস্পতিবারের ধারাবাহিক ইসরায়েলি অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার এসব হামলা ঘটে।
অন্যদিকে শুক্রবার হামাস গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত অভিযোগ করে যে হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছিল।
এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের এই দাবি ‘গাজা উপত্যকার হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ হিসেবে এসেছে’। গোষ্ঠীটি উল্লেখ করেছে যে হাসপাতালগুলো হলো ‘ছোট ভূখণ্ডটিতে কর্মরত সব বেসামরিক ও জাতিসংঘের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান’ এবং ইসরায়েল কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। হাসপাতালটি তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনে অন্তত ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজায় অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র: আল জাজিরা
