কান্দাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৬

সিরাজগঞ্জের কান্দাপাড়ায় শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও তার সন্তানদের হাতে ভাতিজা খুন এবং ভাই আহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র সোহেল তালুকদার (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার হাট কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিবদমান বাড়ির জায়গা নিয়ে মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহন তালুকদার তার ছেলে এবং ভাড়া করা সন্ত্রাসীরা মোতালেব তালুকদারের ওপর হামলা চালায়। এ সময় তার ছেলে সোহেল তালুকদার এগিয়ে আসলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে চলে যায়। তখন উভয়কেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হলে সোহেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।