আবারও ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, প্রতিবেদনে যা বলল পুলিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত। এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাকে। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে পুনরায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে জমা দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের (৬৪) নাম উঠে আসায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর তিনি রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও এবং ফার্মগেট এলাকায় চাঁদাবাজি ও বাজার দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলেও এতে উল্লেখ করা হয়।

বসিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধেও তার ভূমিকা ছিল বলে তদন্তে উঠে এসেছে। এছাড়া, বিভিন্ন সময়ে দেশজুড়ে নানা সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তদন্তকারীরা জানান, টিটন হত্যার সঙ্গে সুইডেন আসলাম সরাসরি জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে।

এর আগে, গত ২২ নভেম্বর দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

ইত্তেফাক/এনটিএম