প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামি কাশেমকে। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।
অপরদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কাশেমকে। পরে ১৮ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তাকে। ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত আজ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নামেন খালেদা জিয়া। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচারণায় বাধা দিতে এবং হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে মারাত্মকভাবে আহত করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

