কুমিল্লায় হেফাজতের প্রতিবাদ ও প্রশাসনের বাধায় মাহফিল করতে পারেননি তাহেরী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৯

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। প্রশাসনের অনুমতি না পাওয়া এবং হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে মাহফিল বন্ধ হয়ে যায়। তবে এলাকায় গিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে অলিরবাজারে পৌঁছান তাহেরী। এ সময় তার গাড়ির আশপাশে কয়েকশ ভক্ত-অনুসারী জড়ো হন। গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর তিনি এলাকা ছেড়ে চলে যান।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কারণে সেখানে অনুষ্ঠান করতে পারেননি তাহেরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অলিরবাজারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল তাহেরীর। তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার সকালে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। একই সঙ্গে তাহেরীকে এলাকায় আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।

এরপর সকাল থেকেই অলিরবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটির সদস্যদের অনুষ্ঠান না করার অনুরোধ জানায়। পরে মাহফিলের মঞ্চ ও অন্যান্য আয়োজন সরিয়ে নেওয়া হয়।

হেফাজতে ইসলামের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজন করা হচ্ছিল। তাহেরী বিতর্কিত বক্তা হওয়ায় স্থানীয় লোকজনের পাশাপাশি তারাও প্রতিবাদ জানিয়েছেন। তাকে অলিরবাজারে মাহফিলে বক্তব্য রাখতে দেওয়া হয়নি।

অন্যদিকে, মাহফিল আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। যেকোনো পরিস্থিতিতে মাহফিল করার চ্যালেঞ্জও নিয়েছিলেন তারা। তবে তাহেরী সংঘাতে যেতে চাননি। তিনি বিকেলে এলাকায় এলেও প্যান্ডেলে না গিয়ে গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিয়ে চলে যান।

আমির হোসেনের দাবি, মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

ছাদখোলা গাড়িতে বক্তব্য দেওয়ার সময় মাহফিল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাহেরী। তিনি বলেন, আয়োজনের জন্য কমিটি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল এবং এলাকায় এ নিয়ে কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করার পরও এভাবে মাহফিল বন্ধ করে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

ইত্তেফাক/এসএ