কুমিল্লার তিতাসে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে করায় তাদের ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
আহত মালয়েশিয়াপ্রবাসী ফয়সাল অভিযোগ করে বলেন, মজিদপুর গ্রামের জমিদার বাড়ির জামে মসজিদ থেকে কয়েক দিন পরপর বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। এ ঘটনায় নুরুজ্জামানের ছেলে সাকিব এবং হক মিয়ার ছেলে জড়িত বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছিল।
ফয়সালের ভাষ্য, ঘটনার সময় তিনি একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। তখন নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ তাদের লোকজন সেখানে গিয়ে তার ওপর হামলা করেন। তার চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তার পক্ষের চারজনসহ তিনি নিজেও আহত হন।
তবে পাল্টা অভিযোগ করেছেন আহত সাকিবের স্বজনেরা। তাদের দাবি, ইয়াবা বিক্রি করতে রাজি না হওয়ায় সাকিবকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেছেন।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাঈম জানান, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ছয়জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
