নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:১৭

নরসিংদীর বেলাবো উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মাটিয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ।

গ্রেপ্তার শারমিন আক্তার খালেদার (৪১) বাড়ি বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্রামে। তিনি আব্দুল সাত্তার শেখের মেয়ে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার ১৬ নম্বর আসামি শারমিন আক্তার খালেদা। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছিল।

বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, শারমিন আক্তার খালেদা ওই মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি