সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে গ্রামবাসীর বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিব (৪০), সাইফুল ইসলাম (৩৮), জেলহাস প্রাং প্রকাশ আতিক (৪০) ও সোহেল রানা (২৮)। রকিবের বাড়ি নলুয়া মধ্যপাড়া, সাইফুল ইসলামের বাড়ি নারায়ণদহ, জেলহাস প্রাংয়ের বাড়ি নলুয়া দক্ষিণপাড়া এবং সোহেল রানার বাড়ি নলুয়া মধ্যপাড়া গ্রামে। তারা সবাই শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মিরুকে গ্রেপ্তার করতে তার বাসভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও জড়ো হয়ে বাধা দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেপ্তারের জন্য থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। পরে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। কিন্তু তাকে পাইনি। পুলিশের যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে খবর দেন। এরপর তিনি পালিয়ে যান। পুলিশকে বাধা দিতে গ্রামের কিছু লোক জড়ো হয়েছিলেন। তারা সামনে নারীদের রেখেছিলেন। মিরুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
মিরুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশের যাওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করতে পারলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো। তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার ধারণাটি সঠিক নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। কিছু লোক জড়ো হয়েছিলেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কোনো ঝামেলাও হয়নি।
হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
