মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১:৪৩

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের নির্ধারিত সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনাও স্থগিত করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।

নির্ধারিত সফরে ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

ইত্তেফাক/এসএ