ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড ও আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, উপজেলার বঙ্গবন্ধু (যমুনা) সেতু গাইড বাঁধ সংলগ্ন গোবিন্দাসী পর্যন্ত বেশ কয়েকটি অবৈধ বালুর ঘাট তৈরি করা হয়েছে। রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী দুলাল হোসেন চকদারকে ৫০ হাজার টাকা, নিকরাইলের মাসুদের বালুর ঘাটে মাসুদকে ১ লাখ টাকা জরিমানা এবং মোহরকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
