পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া দুটি খাবারের দোকানেও আগুন দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে রোববার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়েতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির অবস্থানস্থলে ভাঙচুর চালান এবং অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ ও পাশের একটি খাবারের হোটেলেও আগুন দেওয়া হয়।

তবে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে তাঁরা সারা রাত দায়িত্ব পালন করেন। এ জন্য পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এএইচপি