দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:১৯

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলটির পেছনে আরোহী হিসেবে বসা ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিহত তরুণীর পরিচয় শনাক্তের স্বার্থে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি।

ইত্তেফাক/এনএন