যুবদলের নয়নকে যে হুঁশিয়ারি দিলেন টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৪২

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। 

তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

রোববার (২৯ নভেম্বর) সকালে লকডাউন কর্মসূচি ঘিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন শামছুল হক।

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’

এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নকে উদ্দেশ করে শামছুল হক বলেন, ‘আপনার যদি সক্ষমতা ও সৎ সাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন। ঢাকায় বসে আপনি যেভাবে করতেছেন, গোপালগঞ্জে আসলে তার থেকে দ্বিগুণভাবে আপনাকে দেখায় দেব যে, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী পারে। বাস্তবে গোপালগঞ্জ আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।’

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনটিএম