পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:০০

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর ওই রুটে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।  পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধে ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।

পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন,  শনিবার (২৮ নভেম্বর) বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আর রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চলছে না।

ইত্তেফাক/এটিএন