দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ধরনের চেষ্টা প্রতিহত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে পেশাদারত্ব, দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মো. আলী হোসেন ফকির বলেন, দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণায় প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি থানায় দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্তের মান বাড়ানোর নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেন। বিশেষ করে অপমৃত্যুর মামলাসহ অন্যান্য মামলার তদন্তে সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেন তিনি। এ ছাড়া দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসের উল্লেখযোগ্য ঘটনাগুলোর পাশাপাশি দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও অপহরণসংক্রান্ত মামলা পর্যালোচনা করা হয়। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি এবং সাজা হওয়ার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
