জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২২:৩০

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (২৭) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে পলবান্ধা রেলগেট এলাকায় জামালপুরগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  জামালপুরে রেফার করা হয়। 
 
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমএসআর