আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি গত নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি বিরোধী দলে থাকতে আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, সরকারে থেকেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই, বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না।
রোববার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি গত আট মাসে জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে অভিযোগ করে নাহিদ বলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক নিয়ে তারা জিতেছে। এখন সেই গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গত আট মাসে জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পর এই জাতীয় ঐক্য কোথায় ছিল?’ জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল। এখন দেশ ও গণতন্ত্র রক্ষায় জনগণকে আবারও রাজপথে নামতে হচ্ছে।
বিএনপির সরকার পরিচালনার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকারে থাকা অবস্থায় তাদের সংসদ সদস্যরা গোপালগঞ্জে যেতে পারছেন না। ২০২৫ সালে আমরা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি দিয়েছিলাম। তখন অনেকে প্রশ্ন করেছিলেন, গোপালগঞ্জে কেন মার্চ করা হচ্ছে। এখন বিএনপি নিজেরাই গোপালগঞ্জে মার্চ করতে যাচ্ছে, কিন্তু সেখানে ঢুকতে পারছে না। গোপালগঞ্জের তিন সংসদ সদস্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে এসেছেন।
সীমান্ত ও নদীর পানি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিজেপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সীমান্তে সভা-সমাবেশ করে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে। নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন বা নতুন কোনো চুক্তি হবে কিনা, তা এখনো জানা নেই।
পানিসম্পদমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মন্ত্রী বলছেন, তিনি চিঠি পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। অথচ সংসদে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, চুক্তির আলোচনা হচ্ছে। এখন বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে রাজশাহী অঞ্চলকে আবারও মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত।’
নাহিদ ইসলামের অভিযোগ, তিস্তার পানি শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার যে ষড়যন্ত্র হয়েছে, একইভাবে রাজশাহী অঞ্চলকেও মরুভূমিতে পরিণত করার চেষ্টা চলছে। এ ষড়যন্ত্রে দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও যুক্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
এবারের লড়াইকে সীমান্ত সুরক্ষা, পানির ন্যায্য হিস্যা আদায়, গণতন্ত্র এবং দেশের ইসলাম ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে আখ্যায়িত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন,এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানের মতো ছাত্র-জনতাকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে নতুন করে কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। তাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে ফাঁসির মঞ্চে আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য করে আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে, এমন ধারণা ভুল। ভারত কেন, পৃথিবীর আরও পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না।
সমাবেশের আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশস্থলে যোগ দেন তারা। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য দেন।
মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান।
