ছবির প্রচারণার জন্য তারকাদের কৌশলের কোনো অন্ত নেই। কেউ আবার বিতর্ক দিয়ে আসতে চান ফোকাসে। বলিউড তারকা শ্রদ্ধা কাপুর সম্প্রতি তার ‘সাহো’ সিনেমার প্রচারের জন্য যেমনটা করলেন। বিগ বাজেটের সিনেমা ‘সাহো’। তাই শিল্পীদের পারিশ্রমিকের খরচটাও বেশি। সম্প্রতি শ্রদ্ধা জানান, এই সিনেমার জন্য ৭ কোটি রুপি নিয়েছেন তিনি। কিন্তু এর পুরোটাই গুঞ্জন। আসলে এই সিনেমার জন্য ৩ কোটি রুপি পেয়েছেন এই বলিউড তারকা।
শ্রদ্ধার এমন আজগুবি দাবিতে বলিউডজুড়ে চলছে নিন্দার ঝড়। অনেকেই মন্তব্য করেছেন নিজের পারিশ্রমিক এভাবে বাড়ালে সেটা হিতে বিপরীতই হবে।
আগামী ৩০ আগস্ট ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে ‘সাহো’। এরইমধ্যে ছবির প্রচারে নেমেছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর।
এই সিনেমার মূল আকর্ষণ প্রভাসকে নিয়েও সম্প্রতি এমন গুঞ্জন উঠেছিল। শুরুতে জানা যায়, এই সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে পরবর্তীতে জানা যায়, ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন প্রভাস।
সিনেমার টিজার থেকে শুরু করে ট্রেলার সবকিছুই বাজিমাত করেছে। মুক্তির আগেই ‘সাহো’ আয় করেছে ৩ বিলিয়ন রুপি। থিয়েট্রিক্যাল রাইটস বিক্রয় থেকে ছবিটি আয় করেছে ৩২০ কোটি। তাছাড়াও টিজার এবং ট্রেলারের মাধ্যমে ছবির অনেক মুনাফা হয়েছে। ছবিটিতে প্রভাস ও শ্রদ্ধা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করলেন শ্রদ্ধা।
