গোপালগঞ্জে পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ অপসারণ ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।
রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সড়কে পড়ে থাকা গাছ অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
