শিশুর অপরাধের বিচার হয় সংশোধনের লক্ষ্যে —বিচারপতি ইমান আলী

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী বলেছেন, শিশু-কিশোরদের অপরাধের বিচারের জন্য আদালতের পরিবেশ শিশুবান্ধব হওয়া উচিত। কারণ শিশুদের বিচার হবে সংশোধনের উদ্দেশ্যে, শাস্তি দেওয়ার লক্ষ্যে নয়। তিনি বলেন, শিশু আর প্রাপ্তবয়স্ক অপরাধীর বিচার এক রকম নয়। প্রাপ্তবয়স্ক অপরাধীর ক্ষেত্রে আইনের উদ্দেশ্যে থাকে শাস্তি দেওয়া; কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটি নয়। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে ‘শিশু আইন-২০১৩’ নিয়ে বিভাগীয় পরামর্শ সভায় বিচারপতি ইমান আলী এসব কথা বলেন। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ বাংলাদেশ) এবং সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, শিশুকে অপরাধী বলা যাবে না। শিশু যদি আসামি বা সাক্ষী হয়, তাহলে তার ছবি ও পরিচিতি গণমাধ্যমে দেখানো উচিত নয়। অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের বিচারক ও পাবলিক প্রসিকিউটররা অংশ নেন।