মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাঁদাবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতার হওয়া বাদল শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ডিশ বাদলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও শাহ আলী থানায় একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি আরো জানান, শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর নামে যত চাঁদা সংগ্রহ করা হয় তার ক্যাশিয়ার গ্রেফতার হওয়া ডিশ বাদল। এর আগে শাহদাতের অন্য সহযোগীদের গ্রেফতারের পর তাদের কাছ থেকে ডিশ বাদলের তথ্য মেলে।
ডিশ বাদলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি সাজেদুল বলেন, ডিশ বাদল জিজ্ঞাসাবাদে জানায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভারতে অবস্থান করলেও তার মাধ্যমে মিরপুরে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকত। কারণ, বাদল এলাকার ব্যবসায়ীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে থাকা শাহাদাতের কাছে পাঠাত। আর এসব নম্বরের মাধ্যমে শাহাদাত কল করে চাঁদা দাবি করত। পরে ব্যবসায়ীরা ডিশ বাদলের কাছে চাঁদা জমা দিত। আর সে হুন্ডির মাধ্যমে টাকা শাহাদাতের কাছে পৌঁছাত।
