মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু তার কর্মে আজ বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন। সম্প্রতি জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেওয়ায় তিনি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতা নন, তিনি বিশ্ব মানবতার নেতা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে পৃথিবীর সব নির্যাতিত মানুষের মুক্তির সনদ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেসকো। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু পরিতাপের বিষয়, দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪৪ মাসের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানসহ যারা জড়িত ছিল, তাদের বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী। পরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
