সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর ও অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক কেন্দ্রীয় ও বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনসহ তিন জনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি তাজহাট থানা পুলিশের ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান নিশ্চিত করেছেন।

 বেরোবির শহীদ মুখতার এলাহী হলে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে শুক্রবার একটি  মামলা দায়ের করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়া। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনকে প্রধান আসামি এবং নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা গত ২১ আগস্ট শহীদ মুখতার এলাহী হলে তুষারের কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। তারা কক্ষে লুটপাটও চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।