হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়ায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের ‘জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা বৃত্তি ২০১৯’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। এ সময় ৬০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান এবং চকলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ১০০ বছরের পুরোনো দুর্গম এ জনবসতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। মনাই ত্রিপুরা পাড়া আর অবহেলিত থাকবে না। আগামী তিন-চার বছরের মধ্যে এই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ শহরের মানুষের মতোই জীবনযাপনের সুযোগ পাবে। এখন চলাচলের উপযোগী রাস্তা তৈরি করা হয়েছে, বাচ্চাদের শিক্ষার জন্য স্কুল তৈরি করা হয়েছে যা এ জনগোষ্ঠীর জন্য নতুন পথ দেখাবে।
