হেডিংলি টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের অর্ধেকটা যেতে না যেতেই পরাজয়ের শঙ্কার মুখে পড়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্ট জিততে স্বাগতিক ইংল্যান্ডের লক্ষ্য ৩৫৯ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর মাত্র ৩৬ রান করতে না করতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। এর আগে হেডিংলিতে চলমান ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৫.২ ওভারে ২৪৬ রান করেছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস থেকে ১১২ রান লিড পায় দলটি। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস তিনটি এবং জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রড দুটি করে উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন মার্নাস লাবুশেন। ড্র হওয়া লর্ডস টেস্টে স্টিভ স্মিথের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে কনকাসন বদলি হিসেবে অভিষেক হওয়ার পর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করেন লাবুশেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৭৯ রানের জবাবে মাত্র ৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।
