সাইফ হাসানের সেঞ্চুরিতেও পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ এমার্জিং দল। খুলনায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল সাত উইকেটের বড় ব্যবধানে। ফলে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে গেল শ্রীলঙ্কা এমার্জিং দল।
গতকাল শনিবার সাইফের ১১৭ রানের ইনিংসে ভর করে ২৬৯ রান তোলে বাংলাদেশ এমার্জিং দল। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ওপেনার সাইফ হাসান এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত দলের শুরু ধাক্কা সামাল দেন। নাজমুল খেলেন ৩৯ রানের ইনিংস। আফিফ হোসেন এবং সাইফ ২২৫ রানের জুটি গড়ে লড়াইয়ের পুঁজি আনেন। আফিফ খেলেন ৭০ বলে ৬৮ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে কালানা পেরেরা নেন দুই উইকেট।
বৃষ্টি বাধা দিলে ২৮ ওভারে ১৯৯ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা এমার্জিং দল। তাদের ওপেনার পাদুন নিসাঙ্কা ৭৮ বলে ১১৫ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। ২৪ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। এছাড়া মিনোদ ভানুকা ৩২ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ইয়াসিন আরাফাত, আমিনুল ইসলাম বিপ্লব এবং রবিউল হক একটি করে উইকেট নেন।
