ব্যাঙ্গালুরুর ব্যাটিং কোচ ব্যাঙ্গার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৪৫

গেল দুই আসরের বাজে পারফরম্যান্সের জের ধরে নিজেদের ঢেলে সাজাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইমন ক্যাটিচ। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে দেওয়া হয়েছে ক্রিকেট অপারেশন্স ডিরেক্টরের দায়িত্ব। এবার দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় ব্যাঙ্গার।

সর্বশেষ তিনি ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। তাকে সরিয়ে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ান (বিসিসিআই) সদ্য দায়িত্ব দিয়েছে বিক্রম রাঠোরকে। ৫০ বছর বয়সী সাবেক ক্রিকেটার রাঠোর ক্যারিয়ারে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন বড়ো একটি নাম। সাবেক এই ওপেনার প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন  প্রায় সাড়ে ১১ হাজার রান।

ব্যাটিং কোচ হওয়ার জন্য তার সঙ্গে লড়াইটা ছিল ইংল্যান্ডের মার্ক রাম প্রকাশ ও ভারতের সঞ্জয় ব্যাঙ্গারের। তবে এই দুজনকে টপকে রাঠোরকেই যোগ্য বলে মনে করেছে বিসিসিআই নিযুক্ত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। লম্বা সময় ধরে ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহলি। জাতীয় দলে তিনি লম্বা সময় ব্যাঙ্গারের সঙ্গ পেয়েছেন। ফলে অধিনায়কের পছন্দের ওপর ভিত্তি করেই এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাকরি জুটলো ব্যাঙ্গারের।