ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৫৬

ফরিদপুরের ধুলদীতে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে আট জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি বাস ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজারসংলগ্ন সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া পৃথক আরও ছয়টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ আট জন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

ফরিদপুর :ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট হাইওয়ে পরিবহনের একটি বাস একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজারসংলগ্ন সেতুর              রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই ছয় জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরো দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত জোয়ারদার ধুলদীতে আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়। এদের মধ্যে এক জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাসটির সুপারভাইজার, নাম হানিফ।

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমায় ফরিদপুরগামী একটি লোকাল বাস অটোরিকশাকে চাপা দিলে মা-ছেলেসহ তিন জন নিহত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, নগরকান্দা থেকে ফরিদপুরগামী আর কে ট্রাভেলসের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।  নিহতরা হলেন রেশমা বেগম (৩০), তার ছেলে রনি (১২) ও প্রতিবন্ধী ভিক্ষুক আবুল শিকদার। এ ঘটনায় আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আহতদের চিকিত্সায় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন ও ফমেক পরিচালককে অনুরোধ করা হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ এ এফ এম নাসিম জানান, ধুলদীতে দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ছয় জনের মরদেহ কোতোয়ালি থানায় এবং হাসপাতালে নিহত দুই জনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিচয় নিশ্চিত ও স্বজনদের খোঁজার প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে নৈশ কোচের ধাক্কা লেগে কোচের সহকারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইউসুফ আলী (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন। শনিবার সকালে জেলার সদর উপজেলার জগন্নাথপুর বি-আখরা উচ্চবিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের আড়াইহাজারে  নসিমনের ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে। গতকাল শনিবার সকালে উপজেলার বগাদী এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্বধলা (নেত্রকোনা) :নেত্রকোনার পূর্বধলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোফাসিরা আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-হোগলা সড়কের উপজেলার আগিয়া ইউনিয়নের মোসা মার্কেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাসিরা ঐ এলাকার মহিষভেড়  গ্রামের মোকশেদ আলীর মেয়ে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ট্রাকের চাপায় আজাদ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের মুসা মিয়ার স্ত্রী।

খুলনা :খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রের গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রাইভেট কারসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।