বিরলে গৃহবধূকে ধর্ষণ সালিশের নামে উলটো ধর্ষিতাকে নির্যাতন

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৫৮

দিনাজপুরের বিরলে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর সালিশের নামে উলটো ধর্ষিতাকে নির্যাতন চালিয়ে হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। এ বিষয়ে ধর্ষিতা থানায় মামলা করলে গতকাল বিকালে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

বিরল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের ৩৫ বছর বয়সী এক গৃহবধূ শুক্রবার রাতে নিজ ঘরে একাকী অবস্থান করছিলেন। এ সময় পার্শ্ববর্তী দিনাজপুর সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের মনতাজ আলীর বখাটে পুত্র সুমন (৩৭) ঐ ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা চিত্কার দিলে আশপাশের লোকজন এসে ধর্ষক সুমনকে ধরে ফেলে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে রাজারামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্রসহ তার লোকজন (মাতব্বররা) ছুটে আসে। তারা ধর্ষকের পক্ষ নিয়ে উলটো ধর্ষিতাকে প্রায় ঘন্টাব্যাপী নির্যাতন চালিয়ে ধর্ষিতার ডান হাত ভেঙে দেয়। খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে আসেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। তার উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কৌশলে সুমন পালিয়ে যায়।

গতকাল শনিবার এ বিষয়ে ধর্ষিতা বিরল থানায় মামলা করেন। এরপর বিকালে ধর্ষক সুমনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, ধর্ষিতাকে চিকিত্সা ও ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।