নগরীর কাজীহাটা বাজার (সিঅ্যান্ডবি) মোড়ে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের নতুন ১০ তলা ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। যে জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি সেই জমি নিজেদের দাবি করে আপত্তি তুলেছে রাজশাহী জেলা পরিষদ। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সভায় উভয়পক্ষের জমির সীমানা নির্ধারণে ঐ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে জমির সীমানা নির্ধারণ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, নগরীর সিএন্ডবি মোড়ের ৫ দশমিক ৯৫ একর জমিতে ছিল জেলা পরিষদের ডাকবাংলো। উক্ত জমির পশ্চিম দিক থেকে ১ দশমিক ৩৯ একর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপির) কাছে বিক্রি করে জেলা পরিষদ। আর পূর্বের অংশের ডাকবাংলো ভাড়া নিয়ে চলছিল আরএমপি সদর দপ্তরের কার্যক্রম। কিন্তু এখন পুরো জমিটিই দখলে নিয়েছে পুলিশ।
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, যেহেতু এখন জমির সীমানা নির্ধারণে একটি কমিটি হয়েছে। আশা করছি, দ্রুত উদ্ভূত সমস্যার সমাধান হবে। আরএমপির কমিশনার হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি
