ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার জায়েদ’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক মিত্রতা আরো বাড়ানোর ইঙ্গিত দিল আবুধাবি। গতকাল শনিবার আবুধাবিতে সম্মাননা জানানো হয় নরেন্দ্র মোদিকে। তাকে নিয়ে উচ্ছ্বসিত আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি টুইটার বার্তায় লেখেন, ‘ঐতিহাসিকভাবেই ভারতের সঙ্গে এ দেশের কৌশলগত মিত্রতা রয়েছে। এতে আরো গতি আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন আমার বন্ধু নরেন্দ্র মোদি।’ গত এপ্রিলেই মোদিকে ওই সম্মান জানানোর ঘোষণা করেছিল আবুধাবি। এর আগে ওই পুরস্কার দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। শুক্রবার দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বাহরাইন এবং ফ্রান্সে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলোর বৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদি। -এনডিটিভি
