বঙ্গবন্ধুর নাম নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০০:১৩

গণফোরামের সভাপতি  ড. কামাল হোসেন বলেছেন, জনগণই দেশের মালিক। জাতির পিতা জনগণের এই মালিকানা দিয়ে গেছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। যারা যেনতেনভাবে ক্ষমতা দখল করে আছে, ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাটকে প্রশ্রয় দিচ্ছে, তারা দেশের মালিক না। বঙ্গবন্ধুর নাম নিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচন পদ্ধতি ষোল আনাই পালটে ফেলা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, জনগণের স্বার্থে কাজে না লাগিয়ে যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে উলটো কাজ করে, বঙ্গবন্ধুর নাম, ছবি দেখিয়ে আখের গোছাচ্ছে, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের ১৬ আনা বিপরীত। বঙ্গবন্ধুর সারা জীবনের লড়াই ছিল জনগণকে এদেশের মালিক হিসেবে দেখা। এ কারণে তাকে জীবনও দিতে হলো। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ভুলে গেলে চলবে না। তার আদর্শ সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, সেই ঐক্য অপরিহার্য। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠা করতেই হবে।

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, রাষ্ট্রীয় চার মূলনীতি- জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র- এর কোনোটাই বাস্তবে আজ প্রতিফলিত হচ্ছে না। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, বঙ্গবন্ধু এদেশের জনগণের জন্য, সাধারণ মানুষের আর্থিক, সামাজিক উন্নতি এবং স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। অথচ এতবছর পরেও আমরা অনেক কিছুই করতে পারিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মহসিন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্রমুখ।